
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সিগারেটের সিবিসি কার্টন প্যাকেট বাধ্যতামূলক স্বাস্থ্য সতর্কীকরণ বার্তা না থাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার পয়েন্ট পরিবেশক এম আর ব্রাদার্সকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় শহরের পৌর এলাকার রামগাঁতী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সিগারেটের কার্টন বা সিবিসিতে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কিত ছবিসহ সতর্কীকরণ বার্তা প্রদর্শন বাধ্যতামূলক। কিন্তু অভিযানে এম আর ব্রাদার্সের গুদাম ও সরবরাহকৃত পণ্যে এ ধরনের সতর্কীকরণ বার্তা পাওয়া যায়নি। এতে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। এ সময় পুলিশ সদস্যসহ ভ্রাম্যমাণ আদালতের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

✍️ মন্তব্য লিখুন