
অগ্রসর রিপোর্ট: ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে আর্সেনালের ওপর চাপ বজায় রাখল ম্যানচেস্টার সিটি। অন্যদিকে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর এ্যানফিল্ডে দুয়োধ্বনির মুখে পড়তে হয়েছে লিভারপুকে।
মৌসুমে দুই শিরোপা প্রতিদ্বন্দ্বী আর্সেনাল ও সিটির বাকি রয়েছে আর মাত্র তিনটি ম্যাচ। সিটির জয়ে তারা শীর্ষে থাকা আর্সেনালের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে য়েছে। আর্সেনাল রোববার রেলিগেশন জোনের হুমকিতে থাকা ওয়েস্ট হ্যামের মাঠে কঠিন এক ম্যাচ খেলতে নামবে।
গত সোমবার এভারটনের বিপক্ষে নাটকীয় ম্যাচে ৩-৩ গোলে ড্র করার পর পেপ গার্দিওলার দলের সামনে নয় বছরের মধ্যে সপ্তম শিরোপার আশা বাঁচিয়ে রাখতে আর ভুলের সুযোগ ছিল না।
ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা পাওয়ার লড়াইয়ে টিকে থাকা ব্রেন্টফোর্ড এক ঘণ্টা পর্যন্ত দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে। তবে ৬০ মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা জেরেমি ডোকু বাঁকানো শটে বল জালে জড়ান। এরপর আর্লিং হালান্ড ব্যাকহিল শটে দ্বিতীয় গোল করেন। এর ফলে গোল্ডেন বুটের দৌড়ে তিনি ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগোর চেয়ে চার গোল এগিয়ে গেলেন। যোগ করা সময়ে হালান্ডই আবার গোলের যোগানদাতা ছিলেন। তার পাস থেকে ওমর মারমুশ তৃতীয় গোলটি করেন, যা শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সিটি গোল ব্যবধানেও আর্সেনালের কাছাকাছি চলে এসেছে। এখন দুই দলের ব্যবধান মাত্র এক গোল। ফলে লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম যদি চমক দেখাতে পারে, সেটিই হতে পারে শিরোপা লড়াইয়ের বড় মোড়।
আর্সেনালের শেষ দুই ম্যাচ রেলিগেটেড বার্নলি ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে। এরপরই তারা কনফারেন্স লিগের ফাইনালে খেলবে।
অন্যদিকে সিটির সামনে রয়েছে বুধবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ, এরপর ফর্মে থাকা বোর্নমাউথের মাঠে কঠিন সফর এবং শেষ দিনে অ্যাস্টন ভিলার বিপক্ষে লড়াই।
এদিকে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনার দিকে আরেক ধাপ এগোলেও, লিগে চেলসিকে টানা সপ্তম পরাজয়ের লজ্জা দিতে ব্যর্থ হয়েছে। এ্যানফিল্ডে ম্যাচের ষষ্ঠ মিনিটেই রায়ান গ্রাভেনবার্খের দারুণ শটে এগিয়ে যায় রেডসরা। তবে ৩৫ মিনিটে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত ফ্রি-কিকে সমতায় ফেরে চেলসি। শেষ বাঁশির পর এ্যানফিল্ড জুড়ে দুয়োধ্বনি শোনা যায়। তবে কোচ আর্নে স্লট বিশ্বাস করেন, আগামী মৌসুমে সমর্থকদের আস্থা তিনি আবারও ফিরিয়ে আনতে পারবেন।
ফুলহ্যামের বিপক্ষে বোর্নমাউথের ১-০ জয় লিভারপুলের সঙ্গে ষষ্ঠ স্থানে থাকা চেরিদের ব্যবধান চার পয়েন্টে নামিয়ে এনেছে। যদিও বাকি আছে আর মাত্র দুই ম্যাচ।
চেলসি এখন গাণিতিকভাবেই শীর্ষ পাঁচে শেষ করার সুযোগ হারিয়েছে এবং তারা নবম স্থানেই রয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেড ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে। ফলে সান্ডারল্যান্ডের মাঠে তাদের গোলশূন্য ড্রয়ে তেমন উত্তেজনা দেখা যায়নি।
উলভসকে ৩-০ গোলে হারিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে ব্রাইটন। মাত্র ৩৭ সেকেন্ডে জ্যাক হিনশেলউডের হেডে এগিয়ে যায় ব্রাইটন। পঞ্চম মিনিটে লুইস ডাঙ্কের হেডে ব্যবধান দ্বিগুণ হয়। ৮৬ মিনিটে ইয়াঙ্কুবা মিনতেহর দুর্দান্ত গোল বড় জয় নিশ্চিত করে।

✍️ মন্তব্য লিখুন