: ফিলিপাইনে গত সপ্তাহে আঘাত হানা মৌসুমী ঝড় ও এর ফলে সৃষ্ট বৃষ্টিপাতে এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে বন্যার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ। খবর আলজাজিরার।দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ‘অন্যক’ ঝড়টি শনিবার অপেক্ষাকৃত দুর্বল হয়ে পড়লেও দক্ষিণাঞ্চলের ভিসাস ও মিন্দানো দ্বীপে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
এদিকে দেশটির উত্তরাঞ্চলের লুজনে শীত মৌসুমের হিম বাতাসের পাশাপাশি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত সপ্তাহে ওই অঞ্চলে ঘূর্ণিঝড় ‘মেলর’ আঘাত হানার পর এখনো বেশিরভাগ অঞ্চল বন্যায় ডুবে আছে। এ পরিস্থিতি অঞ্চলটির বিস্তীর্ণ কৃষি খামার মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ফিলিপাইনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আকাশে প্রচুর মেঘ রয়েছে এবং মিন্দানো, বিকন অঞ্চল, মধ্য ও পূর্ব ভিসাস, অরোরা ও কুইজন প্রদেশে ভারি বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ওই অঞ্চলগুলোতে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটতে পারে।
এই পরিস্থিতিতে ফিলিপাইনকে ‘জাতীয় দুর্যোগপূর্ণ রাষ্ট্র’ ঘোষণা দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো।
দেশটিতে ২০১৩ সালে ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে ৬ হাজারেরও বেশি লোক মারা যায়।
