অগ্রসর রিপোর্ট : পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে আজ মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেন জেনারেল কামার জাভেদ বাজওয়া। রাওয়ালপিন্ডির পাক সেনা সদর দফতরের আর্মি হকি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। উল্লেখ্য, তিনি পাকিস্তানের ১৬তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার হাতে সেনাপ্রধানের ঐতিহ্যবাহী ব্যাটন তুলে দেন বিদায়ী জেনারেল রাহিল শরীফ। বিদায়ী ভাষণে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফল যুদ্ধের মাধ্যমে ইতিহাসকে বদলে দিয়েছে পাকিস্তান। পাক বাহিনী ভবিষ্যতে দেশের জনগণের প্রত্যাশা পূরণ অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জেনারেল রাহিল তার বিদায়ী ভাষণে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি নিয়েও কথা বলেন। গোয়াদার বন্দর দিয়ে সফল মালামাল পাঠানোর কথা উল্লেখ করে তিনি বলেন, সিপিইসির বিরুদ্ধে যারা নাশকতা চালাতে চাইছে তাদের এমন দুরাশা ত্যাগ করা এবং এ প্রকল্পকে সমর্থন করা উচিত হবে। এ ছাড়া, কাশ্মির প্রসঙ্গেও কথা বলেন তিনি। তিনি বলেন, পাকিস্তানের ধৈর্যকে দুর্বলতা হিসেবে নেয়া ভারতের জন্য উচিত হবে না। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, জাতীয় সংসদের স্পিকার আইয়াজ সিদ্দিকসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।