
অগ্রসর রিপোর্ট: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাসব্যাপী আয়োজন শনিবার (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে। শেষ দিনেও ব্যবসায়ীরা ভালো বেচাকেনার আশা করছেন। তবে এ বছর রাষ্ট্রীয় শোকের কারণে তিন দিন সময় কম পেয়েছেন তারা। মেলার শুরুতে বৈরী আবহাওয়া ও নির্বাচনের প্রভাব থাকায় ব্যবসায় কিছুটা মন্দা গেছে বলেও দাবি অংশগ্রহণকারীদের।
উল্লেখ্য, নির্ধারিত সময় অনুযায়ী ১ জানুয়ারি উদ্বোধন হওয়ার কথা থাকলেও খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে মেলার উদ্বোধন হয় গত ৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বিবিসিএফইসি ভবনে। এবারের আয়োজন ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, গত বছরের তুলনায় এবার ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বেড়েছে অন্তত ১৫ শতাংশ। ভ্যাট আদায়ও বেড়েছে ৮ শতাংশ। কর্মদিবসে ভিড় তুলনামূলক কম থাকলেও ছুটির দিনে ছিল মানুষের উপচে পড়া সমাগম।
শেষ দিনে, প্রতিটি স্টল ও প্যাভিলিয়নে চলছে ১০ শতাংশ থেকে শুরু করে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। পাশাপাশি পণ্য কিনলে থাকছে বিশেষ পুরস্কার ও গিফট ভাউচার।

✍️ মন্তব্য লিখুন