অগ্রসর রিপোর্ট : ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাসায় গেছেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। লন্ডনে অসুস্থ স্ত্রীকে দেখে গতকাল দেশে ফিরেছেন সৈয়দ আশরাফ। এ ব্যাপারে খোঁজখবর নিতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে ওবায়দুল কাদের তার বাসায় যান।আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় সৈয়দ আশরাফের মিন্টু রোডের বাসায় যান ওবায়দুল কাদের। ঘণ্টা খানেক পর দুপুর দেড়টার দিকে আবার বেরিয়ে যান তিনি।
কুশলাদি বিনিময়ের একপর্যায়ে সৈয়দ আশরাফের কাছে ওবায়দুল কাদের দলীয় বিষয়ে অভিজ্ঞতা থেকে পরামর্শ চান। এছাড়া দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিতে আশরাফকে অনুরোধ করেন। জবাবে আশরাফও এখন থেকে দলীয় অনুষ্ঠান-কর্মসূচিগুলোতে যাবেন বলে ওবায়দুল কাদেরকে জানান। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী মিঠু ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের সম্মেলনের পর সৈয়দ আশরাফ বেশ কিছু দিনের জন্য লন্ডনে পারিবারিক সফর করেন। সেই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে আসে পরিবর্তন। সৈয়দ আশরাফের বদলে এ পদে দায়িত্ব পান ওবায়দুল কাদের।
